রুমায় হাম আক্রান্ত শিশুদের পাশে বিজিবি

দুর্গম অংলাই পাড়া থেকে অসুস্থ শিশুদের হাসপাতালে পাঠানো, সচেতনতামূলক কার্যক্রমও শুরু
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের দুর্গম রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আক্রান্ত শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছে বাহিনীটি।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২০ জুলাই) রুমা উপজেলার ৪ নম্বর গ্যালেংগা ইউনিয়নের অংলাই পাড়ার বাসিন্দা **কপাও ম্রো (১৩)** হামের উপসর্গে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রাথমিকভাবে একই এলাকায় **৫ থেকে ১৬ বছর বয়সী আরও ১০ থেকে ১২ জন শিশু** একই ধরনের উপসর্গে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে **বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি)** অধিনায়ক **লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস**-এর নির্দেশে গ্যালেংগা বিজিবি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল দ্রুত আক্রান্ত এলাকায় পৌঁছে।
বিজিবি সদস্যরা আক্রান্ত শিশুদের শনাক্ত করে দ্রুত **রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে** উন্নত চিকিৎসার জন্য পাঠান। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সংক্রামক রোগ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার বিষয়ে সচেতন করেন।
যোগাযোগ-বিচ্ছিন্ন ও দুর্গম এলাকায় দ্রুত সাড়া দিয়ে আক্রান্ত শিশুদের চিকিৎসার আওতায় আনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী।
বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে সীমান্তবর্তী ও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই জ্বর, শরীরে র্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়া এবং শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা জরুরি।






