ফিটনেসবিহীন যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে আরও ৫০টি স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু, বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

টুইট ডেস্ক: রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকার অন্তত আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।

বৈঠকে রাজধানীর বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিশেষ করে ইটভাটাজনিত বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী এবং এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ ছাড়া রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহার করে হর্ন নিয়ন্ত্রণের সম্ভাবনাও আলোচনা করা হয়। বর্তমানে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার আদলে শব্দদূষণ নিয়ন্ত্রণেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে মতামত উঠে আসে।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের এই উদ্যোগের লক্ষ্য রাজধানীর পরিবেশ দূষণ কমানো, সড়ক নিরাপত্তা জোরদার করা এবং আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।