রাজশাহীতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মাদক নির্মূল, সামাজিক সম্প্রীতি, বৃক্ষরোপণ ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা; সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান।

নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহী মহানগরের গুড়িপাড়ায় একটি মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সভায় মাদক নির্মূল, সামাজিক সম্প্রীতি, বৃক্ষরোপণ, উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “মাদককে না বলুন, মাদক থেকে দূরে থাকুন, সুস্থ সমাজ গড়ে তুলুন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।
বিশেষ অতিথি ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম রনি, কেশবপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল লতিফ, কাশিয়াডাঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি সুমন আলী, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন এবং মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল হোসেন শুভ।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোহন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই কমিটির সদস্য মো. রবিন হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের সদস্য সচিব রাজিব হোসেন, যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম হৃদয়, যুগ্ম আহ্বায়ক হৃদয় হোসেন, ১ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মুরাদ হোসেন, পশ্চিম যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সম্রাট হোসেন নয়ন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শিহাবসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

সভায় বক্তব্য দিতে গিয়ে মো. রবিন হোসেন বলেন, ৫ আগস্টের পর গুড়িপাড়ায় মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এরপর কিছু ফেসবুক ফেক আইডি থেকে মিছিলকারীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এর ফলে মাদকবিরোধী কার্যক্রম কিছু সময়ের জন্য শিথিল হয়ে পড়ে এবং এলাকায় আবার মাদক ব্যবসা সক্রিয় হয়। পরে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিবের নির্দেশনায় স্থানীয় নেতাকর্মীরা পুনরায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বক্তারা বলেন, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।