মোহনগঞ্জ ডিগ্রি কলেজে পালিত জুলাই শহীদ দিবস

দোয়া-মোনাজাত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজে বিশেষ দোয়া, মোনাজাত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নীরব প্রার্থনায় অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিলুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মজিবর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ সমির উদ্দিন সরদার।
এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জুলাই শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতির সংকটময় মুহূর্তে তাঁদের আত্মদান নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদদের অবদান তুলে ধরতে এমন স্মরণানুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের ধারাবাহিকতায় জুলাই শহীদ দিবসও গভীর শ্রদ্ধা ও আনুষ্ঠানিকতার সঙ্গে পালন করা হয়েছে।





