মাতৃত্বেই পূর্ণতা খুঁজে পেলেন সারা খান

ছেলে-মেয়ের পার্থক্য নয়, সুস্থ সন্তানই ছিল প্রত্যাশা; দুই কন্যাকে জীবনের সেরা নেয়ামত বললেন পাকিস্তানি অভিনেত্রী।
টুইট প্রতিবেদক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সারা খান জানিয়েছেন, দ্বিতীয় সন্তানের জন্মের সময় তিনি ও তার স্বামী, সংগীতশিল্পী ফালাক শাবির কখনো ছেলে সন্তানের প্রত্যাশা করেননি। তাদের একমাত্র চাওয়া ছিল একটি সুস্থ ও স্বাভাবিক সন্তান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সারা বলেন, সন্তানের লিঙ্গ নয়, তার সুস্থতাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে দুই কন্যাসন্তান,আলিয়ানা ও রানিয়ার মা এই অভিনেত্রী।
মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সারা জানান, সন্তান হওয়ার পর তার জীবন আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত হলেও এটি তার জীবনের সবচেয়ে সুন্দর সময়। মজা করে তিনি বলেন, মা হওয়ার পর একটানা গভীর ঘুম ছাড়া আর কিছুই তিনি মিস করেন না।
চলমান ফুটবল বিশ্বকাপ নিয়ে এক প্রশ্নের জবাবে রসিকতা করে সারা বলেন, এখন তার সবচেয়ে বড় খেলা হলো দুই মেয়েকে নিয়ে প্রতিদিনের ব্যস্ততা।
তিনি আরও বলেন, তার কন্যারাই আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। একজন মা হিসেবে তাদের দয়ালু, মানবিক ও সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তোলাই তার সবচেয়ে বড় লক্ষ্য। একই সঙ্গে তিনি সব বিবাহিত নারীর জন্য সুস্থ সন্তানের দোয়া করেন।
উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা দানিশ তৈমুরের সঙ্গে ‘শের’ নাটকে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন সারা খান। শিগগিরই অভিনেতা ফিরোজ খানের বিপরীতে একটি নতুন নাটকেও তাকে দেখা যাবে।






