জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিলের মৃত্যু

৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস; পরিবার বলছে, ক্যান্সারমুক্ত অবস্থায় হঠাৎ মৃত্যু।

টুইট প্রতিবেদক: বিশ্বখ্যাত হলিউড অভিনেতা স্যাম নিল আর নেই। ‘জুরাসিক পার্ক’ চলচ্চিত্রে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ায় ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর নির্দিষ্ট কারণ জানানো হয়নি। পরিবারের ভাষ্য, তার মৃত্যু ছিল হঠাৎ এবং অপ্রত্যাশিত। জীবনের শেষ মুহূর্তে তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলেন।

২০২৩ সালে প্রকাশিত আত্মজীবনীতে স্যাম নিল জানিয়েছিলেন, তিনি তৃতীয় পর্যায়ের নন-হজকিন লিম্ফোমায় আক্রান্ত হয়েছিলেন। পরে জিনভিত্তিক রোগপ্রতিরোধ চিকিৎসার মাধ্যমে তিনি ক্যান্সারমুক্ত হন। পরিবারের দাবি, মৃত্যুর সময়ও তিনি ক্যান্সারমুক্ত ছিলেন।

মৃত্যুর আগে তিনি অস্ট্রেলিয়ার সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৭০-এর দশকে অভিনয়জীবন শুরু করা নিউজিল্যান্ডের এই অভিনেতা ‘জুরাসিক পার্ক’-এর পাশাপাশি ‘পিকি ব্লাইন্ডার্স’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ এবং ‘দ্য পিয়ানো’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগো অঞ্চলে তিনি নিজস্ব আঙুরের বাগানও পরিচালনা করতেন। তার মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।