শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন ডলারের নতুন অনুদান দিচ্ছে জিপিই

বাংলাদেশে শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন ডলারের নতুন অনুদান দিচ্ছে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন।
টুইট ডেস্ক: বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও তথ্যভিত্তিক শিক্ষা ব্যবস্থা জোরদারে ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের নতুন অনুদান দিচ্ছে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই)। এ তথ্য জানিয়েছে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল।
এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশ জানায়, এই অনুদান দেশের শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শিক্ষা সুযোগ সম্প্রসারণ, শিক্ষাব্যবস্থাকে আরও সহনশীল করা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এই অর্থায়ন।
ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য রাষ্ট্রগুলো জিপিই তহবিলের মোট অর্থায়নের প্রায় ৫৭ শতাংশ যোগান দিয়ে থাকে। সংস্থাটি বলছে, এটি বহুপাক্ষিক সহযোগিতার প্রতি তাদের বাস্তব অঙ্গীকারের প্রতিফলন।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ, তথ্যনির্ভর নীতিনির্ধারণ এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহায়তা দিয়ে আসছে। নতুন এই অনুদান সেই কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই অর্থায়ন দেশের শিক্ষা খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।






