চকরিয়ায় পাহাড় ধসে ঘুমন্ত ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় চাচাতো-জেঠাতো ভাইবোন। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার হলেও বাঁচানো যায়নি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বসতবাড়ির ওপর হঠাৎ পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় তারা।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—রুমি আক্তার (১৫) ও মোহাম্মদ তৌসিফ (১০)। রুমি স্থানীয় বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী এবং মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের মেয়ে। তৌসিফ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও আবদুল মজিদের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে আকস্মিক পাহাড় ধসে তাদের বসতঘরটি মাটিচাপা পড়ে। এ সময় পরিবারের অন্য সদস্যরা জেগে উঠে স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে দুই শিশুকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত কয়েক দিন ধরে গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে আছে। এর মধ্যেই পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করেছে।