স্বাস্থ্যসেবা মৌলিক মানবাধিকার হওয়া উচিত: জুবাইদা রহমান

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের আহ্বান, চিকিৎসা ব্যয়ের বোঝা কমানোর ওপর গুরুত্বারোপ

টুইট ডেস্ক: স্বাস্থ্যসেবাকে কোনো বিশেষ সুবিধা নয়, বরং প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের চিকিৎসা ব্যয়ের প্রায় ৭২ শতাংশই নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়। এ কারণে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে এবং দারিদ্র্যের ঝুঁকিতে চলে যায়। এই বাস্তবতা থেকে উত্তরণে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ডা. জুবাইদা রহমান বলেন, মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার, বেসরকারি খাত এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের চিকিৎসা শিল্পকে আরও শক্তিশালী করতে এবং আমদানিনির্ভরতা কমাতে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশীয় বিনিয়োগ ও উৎপাদন বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

কর্মশালায় স্বাস্থ্যখাতের উন্নয়ন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং চিকিৎসা ব্যয় কমানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও অংশীজনরা।