ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৩ হাজার ৩৪২

জোড়া ভূমিকম্পে আহত ১৬ হাজার ৭০০-এর বেশি, নিখোঁজ হাজারো মানুষ; উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত
টুইট ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে লা গুয়াইরা অঞ্চলে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পূর্ণ ধসে পড়েছে অন্তত ১৯০টি স্থাপনা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনও ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন অবস্থায় মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
উদ্ধার কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতাও অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন। পাশাপাশি ত্রাণ ও উদ্ধার তৎপরতায় ভেনেজুয়েলা সরকার ২৯ হাজার ৫৬৭ জন কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে।
তথ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, দুর্গত মানুষের মধ্যে এ পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্যসামগ্রী এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে, যা উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমকে আরও জটিল করে তুলছে।
দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার, আন্তর্জাতিক সংস্থা ও স্বেচ্ছাসেবীদের সমন্বিত তৎপরতা অব্যাহত থাকলেও নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটি।






