ব্রাজিল–নরওয়ে ম্যাচে বাঁশি ইসমাইল এলফাতের

শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াই পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি; চলতি বিশ্বকাপে দুই ম্যাচেই দেখিয়েছেন ৮টি কার্ড।

টুইট প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর লড়াইয়ে রোববার (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা) নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন স্বদেশী কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। ফলে মাঠের প্রধান তিন ম্যাচ কর্মকর্তাই যুক্তরাষ্ট্রের।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস–জাপান এবং উরুগুয়ে–স্পেন ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। কঠোর সিদ্ধান্তের জন্য পরিচিত এই রেফারি ওই দুই ম্যাচে মোট ৭টি হলুদ ও ১টি লাল কার্ড দেখিয়েছেন। ফলে ব্রাজিল–নরওয়ের মতো উত্তেজনাপূর্ণ লড়াইয়েও তার সিদ্ধান্ত ও ম্যাচ পরিচালনা বিশেষভাবে নজরে থাকবে।

ব্রাজিলের সঙ্গে এলফাতের আগের একটি স্মৃতিও রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। সেই ম্যাচে ১-০ গোলে হেরে মাঠ ছেড়েছিল সেলেসাওরা।

এদিকে, ব্রাজিল–নরওয়ে ম্যাচের বিজয়ী দল আগামী ১১ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত সেমিফাইনালে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

ব্রাজিল–নরওয়ে ম্যাচের রেফারি প্যানেল:

প্রধান রেফারি: ইসমাইল এলফাত (যুক্তরাষ্ট্র)

সহকারী রেফারি: কোরি পার্কার (যুক্তরাষ্ট্র)

সহকারী রেফারি: কাইল অ্যাটকিন্স (যুক্তরাষ্ট্র)

চতুর্থ কর্মকর্তা: সাইদ মার্টিনেজ (হন্ডুরাস)

রিজার্ভ সহকারী রেফারি: ওয়াল্টার লোপেজ (হন্ডুরাস)