বান্দরবানে অস্ত্রসহ কেএনএফের সদস্য আটক

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার; অস্ত্র ও গুলি উদ্ধার, আইনগত কার্যক্রম চলমান।

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম শেরকর পাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর এক সদস্যকে আটক করা হয়েছে।

নিরাপত্তা সূত্রে জানা যায়, রুমা ও থানচির দুর্গম এলাকায় কেএনএফ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর সদস্যদের অবস্থানের তথ্যের ভিত্তিতে গত ২৮ জুন থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযানের বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনাও ঘটেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) সকালে থানচি উপজেলার শেরকর পাড়া এলাকায় অভিযান চালিয়ে যৌথান বম (৫২) নামে কেএনএফের এক সদস্যকে একটি অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

আটক যৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়ার বাসিন্দা এবং লালপিয়ান বমের ছেলে। অভিযান শেষে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে সশস্ত্র তৎপরতা দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।