জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যের অভিযোগ: শাওন-মাহিসহ ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

শাহবাগ থানায় আবেদন, সাইবার বিভাগে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ভিডিও ও সামাজিক

টুইট ডেস্ক: জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন নিয়ে অবমাননাকর ও কটাক্ষমূলক মন্তব্য করার অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানাসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাতে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর তিন নেতা শাহবাগ থানায় অভিযোগটি জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) স্বপন জানান, অভিযোগকারীরা প্রথমে মামলা দায়েরের আবেদন করেছিলেন। তবে প্রাথমিক যাচাই-বাছাই শেষে থানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ গ্রহণ করেছে। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই রায়হানকে।

তিনি আরও জানান, তদন্তের অংশ হিসেবে অভিযোগে উল্লেখ করা ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের লিংকগুলো যাচাইয়ের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের মাধ্যমে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

অভিযোগে শান্তা ফারজানার বিরুদ্ধে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ ও আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে ভিডিওবার্তায় জুলাই আন্দোলনকে ‘পরিকল্পিত’ বা ‘সাজানো’ বলে উপস্থাপন এবং রাষ্ট্র ও আন্দোলন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ করা হয়েছে।

এছাড়া মাহিয়া মাহির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক বক্তব্যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের কর্মকাণ্ডকে ‘অভিনয়’-এর সঙ্গে তুলনা করার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, এসব বক্তব্য আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানহানি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত ১ জুলাই জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে অভিযোগে অভিযুক্ত তিনজনের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।