মানুষ ও প্রাণীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনে সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও জাতীয় কবির আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান

টুইট ডেস্ক: ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি নিরাপদ, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু মানুষের নিরাপত্তাই নয়, প্রাণীদের প্রতিও সহিংসতা রোধে সরকার সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

গত বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ‘নজরুল বর্ষ’ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থে বিভেদ সৃষ্টির নানা অপচেষ্টা থাকলেও সম্প্রীতি ও সহাবস্থানই বাংলাদেশের মানুষের ঐতিহ্য। সেই মূল্যবোধকে ধারণ করেই সরকার এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারবেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ নতুন প্রজন্মের সামনে যেমন জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করেছে, তেমনি মূল্যবোধের সংকটও তৈরি করেছে। এ পরিস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, বিশেষ করে শিশু-কিশোরদের জন্য লেখা কবিতা ও ছড়া নতুন প্রজন্মকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারেক রহমান আরও বলেন, নজরুলচর্চা শুধু সরকারি প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। জাতীয় কবির সাহিত্য, জীবনদর্শন ও মানবিক চেতনাকে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে নজরুলের কবিতা ও গান মানুষের প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। নতুন প্রজন্মের সঙ্গে নজরুলের জীবন ও কর্মের সম্পর্ক আরও গভীর করতেই বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নজরুল গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।