কৃতি শ্যাননের বিয়ে নিয়ে জল্পনা, দুলাভাই বললেন ‘সিদ্ধান্ত একান্তই তার’

ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন চললেও বিয়ে নিয়ে তাড়াহুড়ার পক্ষে নন পরিবারের সদস্য; ক্যারিয়ারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা

টুইট প্রতিবেদক: বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই অনুরাগীদের আগ্রহ রয়েছে।

কানাডাপ্রবাসী ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনের মধ্যেই এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কৃতির দুলাভাই ও জনপ্রিয় সংগীতশিল্পী স্টেবিন বেন। তিনি জানিয়েছেন, বিয়ে করবেন কি না, কবে করবেন,এ সিদ্ধান্ত সম্পূর্ণ কৃতির ব্যক্তিগত বিষয়।

সম্প্রতি কৃতির ছোট বোন নূপুর শ্যাননের বিয়ের পর থেকেই বড় বোনের বিয়ে নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। তবে স্টেবিন বেন বলেন, পরিবারের পক্ষ থেকে কৃতিকে এ বিষয়ে কোনো চাপ দেওয়া হয় না।

বরং যারা দ্রুত বিয়ের পরামর্শ দেন, তাদের তিনি বোঝানোর চেষ্টা করেন যে, কৃতি বর্তমানে নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ সময়ে রয়েছেন।

তার ভাষ্য, একটি ছোট শহর থেকে নিজের মেধা ও পরিশ্রমে বলিউডে প্রতিষ্ঠা পাওয়া সহজ নয়। কৃতি ধারাবাহিকভাবে ভালো কাজ করে যাচ্ছেন এবং নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিচ্ছেন। তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে প্রয়োজনীয় সময় ও স্বাধীনতা দেওয়া উচিত।

স্টেবিন আরও বলেন, কৃতি যখন মনে করবেন যে তিনি জীবনের উপযুক্ত মানুষকে খুঁজে পেয়েছেন এবং বিয়ের জন্য প্রস্তুত, তখনই তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। এর আগে এ বিষয়ে অযথা চাপ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই।

২০২৪ সাল থেকে কৃতি শ্যানন ও ব্যবসায়ী কবির বাহিয়ার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তারা কখনোই আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেননি। তবে বিভিন্ন উৎসব, ভ্রমণ ও ব্যক্তিগত আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও জোরদার হয়েছে।

এদিকে কৃতির জন্মদিন ঘনিয়ে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অনেক অনুরাগীর ধারণা, বিশেষ এই উপলক্ষে তিনি নিজের ব্যক্তিগত জীবন বা সম্পর্ক নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন। তবে এ বিষয়ে এখনো অভিনেত্রী বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।