চট্টগ্রামে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা, আটক ২

মাদকসেবনকে কেন্দ্র করে বিরোধের প্রাথমিক তথ্য; মূল শুটার শনাক্তে পুলিশের অভিযান

টুইট ডেস্ক: চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুরের ফরেস্ট গেট এলাকায় দিনদুপুরে শেখ মো. আজাদ (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের মামাসহ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং মূল শুটারকে শনাক্তে অভিযান চলছে।

বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে ব্যস্ততম ফরেস্ট গেট এলাকার একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে। নিহত আজাদ হামজারবাগ এলাকার বাসিন্দা মো. রশীদের ছেলে। তিনি পেশায় অ্যালুমিনিয়াম মিস্ত্রি ছিলেন।

নিহতের ভাই মো. সাজ্জাদের অভিযোগ, দুপুরে ‘গুল্লি বাবু’ নামে তার মামা কাজের কথা বলে আজাদকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়, আজাদ গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

আহত অবস্থায় আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানিয়েছে, তার শরীরের ডান পাশ ও বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর প্রথমদিকে দাবি করা হয়েছিল, রাস্তায় হাঁটার সময় অজ্ঞাত ব্যক্তি তাকে গুলি করেছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে ভিন্ন তথ্য উঠে এসেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন এবং পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক নুরুল আফসার জানান, ঘটনার সময় আজাদ, তার মামা গুল্লি বাবু এবং হৃদয় নামে আরেক ব্যক্তি একটি পরিত্যক্ত কক্ষে একসঙ্গে অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসেবন বা অভ্যন্তরীণ বিরোধের জেরে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলটি ঘরের ভেতরে হওয়ায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আজাদকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু ইসহাক আলম এবং মামা গুল্লি বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে ফরেস্ট গেট ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে।

এদিকে, নিহতের পরিবার এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ বলছে, তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।