জ্বালানি সহায়তা ৫০০ মিলিয়ন ডলারে বাড়াতে ইতিবাচক জাপান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে জাপানের আশ্বাস; মাতারবাড়ী, মেট্রোরেল ও তৃতীয় টার্মিনাল প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা

টুইট ডেস্ক: বাংলাদেশের জ্বালানি খাতের সংকট মোকাবিলায় বিদ্যমান ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বাড়িয়ে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে জাপান। ফলে অতিরিক্ত ১৮৮ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার সম্ভাবনা তৈরি হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের জ্বালানি খাতে জাপানের আর্থিক সহায়তা ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। এ প্রস্তাবে জাপান ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

আলোচনায় জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বিভিন্ন এমআরটি (মেট্রোরেল) লাইন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, নির্ধারিত সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তৃতীয় টার্মিনালের কাজ সম্পন্ন করে উদ্বোধন করা সম্ভব হবে।

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে জাপানের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি টহল নৌযান (প্যাট্রল বোট) দেওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রীকে জানানো হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের অব্যাহত সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।

এ সময় জাপানের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপান সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জাপানের প্রতিনিধিদলে আরও ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।