ভাঙ্গায় পাঁচ গ্রামের সংঘর্ষে নিহত ১, আটক ১৭

রাতভর অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য আটক, এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি

টুইট ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে হাসামদিয়া ও আতাদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুমন শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৭ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এক্সপ্রেসওয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে এতে আশপাশের পাঁচ গ্রামের লোকজন জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন এবং দুজন গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সুমন শেখ মারা যান। নিহত সুমন ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, কয়েক মাস আগে এক মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে বিষয়টি মীমাংসা হলেও মঙ্গলবার আবার উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দীর্ঘ সময় মহাসড়কে সংঘর্ষ চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। রাতের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।