এআই দিয়ে জার্সি বদল, এসআইকে শোকজ

মাদক মামলার আসামির ছবি পরিবর্তন করে পাঠানোয় প্রশাসনিক ব্যবস্থা
টুইট ডেস্ক: বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক মাদক কারবারির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তনের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিএমপি কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে এ নোটিশ জারি করা হয়।
জানা গেছে, সোমবার নগরীর মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তার গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল।
তবে পরে বিএমপির মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো ছবিতে দেখা যায়, ওই জার্সি পরিবর্তন করে ব্রাজিল ফুটবল দলের জার্সি দেখানো হয়েছে। অভিযোগ উঠেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ছবিটি সম্পাদনা করা হয়েছিল।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে প্রকৃত ছবি ও সংশোধিত তথ্য পুনরায় গণমাধ্যমের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং পুলিশের সরকারি মাধ্যমে প্রকাশ করা হয়।
এ বিষয়ে এসআই তানজিল আহমেদ বলেন, বিষয়টি তিনি দুষ্টুমির ছলে করেছিলেন। ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ জানান, শোকজের জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।






