সেপ্টেম্বর-অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় নির্বাচন: প্রস্তুতির কথা জানালেন মন্ত্রী

নির্ধারিত সময়ে অংশগ্রহণমূলক ভোটে জোর, বেতন-ভাতা বাড়ানোর পরিকল্পনা নেই।

টুইট ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি শুরু করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (নওগাঁ-৬) এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, ভোটারদের আস্থা নিশ্চিত করতে এবং নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।

এদিকে, বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিম (গাইবান্ধা-২) এর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।