বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ উদ্যোগের প্রস্তাব ভিওনের

 

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে টেলিকম ও ডিজিটাল অর্থনীতিতে বড় বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরে প্রতিষ্ঠানটি

টুইট ডেস্ক: মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন গ্রুপ বাংলাদেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল অর্থনীতি খাতে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণের একটি উদ্যোগের প্রস্তাব দিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিজেই প্রাথমিকভাবে ২৫ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিওন গ্রুপের প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা দ্বিতীয় এ প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে ‘এখনই বাংলাদেশে বিনিয়োগ করুন’ শীর্ষক সরকারি–বেসরকারি অংশীদারত্বভিত্তিক একটি বিনিয়োগ উদ্যোগের ধারণা উপস্থাপন করা হয়।

বৈঠকে ভিওন প্রতিনিধিদল জানায়, বাংলাদেশের ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তির সম্ভাবনা উল্লেখযোগ্য। টেলিকম, ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিনির্ভর সেবাখাতে বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগ রয়েছে।

ভিওনের প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি ‘অ্যাঙ্কর বিনিয়োগকারী’ হিসেবে প্রাথমিক ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে এবং আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ত করে মোট ১০০ কোটি ডলার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে টেলিযোগাযোগমন্ত্রী মাহবুব আনাম ফকির ও প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। ভিওনের পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সদস্য মাইকেল সুটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জন বুশ এবং করপোরেট ও নিয়ন্ত্রকবিষয়ক প্রধান তাইমুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ভিওন ইতোমধ্যে বাংলাদেশে দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনা করছে এবং ডিজিটাল অর্থনীতিতে নতুন বিনিয়োগের মাধ্যমে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের আগ্রহ দেখাচ্ছে।