শহীদ জিয়াউর রহমানের নামে দুই কলেজের নামকরণ অনুমোদন

আরও তিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি

টুইট ডেস্ক: সরকার দেশের দুটি বেসরকারি কলেজের নাম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে পরিবর্তনের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আরও কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতিও দেওয়া হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ–৬ শাখা থেকে এ–সংক্রান্ত চিঠি জারি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার ‘নাজিরপুর কলেজ’-এর নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’।

এ ছাড়া ভোলার চরফ্যাশন উপজেলার ‘জনতা বাজার কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা’ রাখা হয়েছে।

অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ’–এর নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ’ রাখার অনুমতি দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ‘আয়েশা ছিদ্দিক মহিলা কলেজ’–এর নাম পরিবর্তন করে ‘আয়েশা ছিদ্দিক মডেল কলেজ’ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হয়েছে। এতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ–৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।