বিরোধী দলকে দুর্বল না করে সম্মান দেখানোর আহ্বান: জামায়াতে আমির

সংসদে জামায়াত আমিরের বক্তব্য সহযোগিতা ও জবাবদিহির সংস্কৃতির ওপর গুরুত্ব
টুইট ডেস্ক: জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলকে দুর্বল করার রাজনৈতিক প্রবণতার সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী দল পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে কাজ করলেই সংসদ কার্যকর হতে পারে।
সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করে নিজেদের সঙ্গে যুক্ত করার সংস্কৃতি সুস্থ গণতান্ত্রিক চর্চার অনুকূল নয়।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের সব সিদ্ধান্তকে বিরোধী দলের সমর্থন করা যেমন প্রত্যাশিত নয়, তেমনি বিরোধিতার জন্য বিরোধিতাও গ্রহণযোগ্য হতে পারে না। নীতিগত বিষয়ে সহযোগিতা ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সংসদকে তিনি সরকারি দল ও বিরোধী দলের সমন্বয়ে পরিচালিত একটি কাঠামোর সঙ্গে তুলনা করে বলেন, কার্যকর সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে অতীতের ব্যক্তি-নির্ভর রাজনৈতিক সংস্কৃতি ও চরিত্রহননের প্রবণতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান।
অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা সিলেট–ঢাকা মহাসড়কের চার লেন প্রকল্প দ্রুত সম্পন্ন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান, ভোলা সেতু নির্মাণ এবং প্রধান নদী ব্যবস্থাপনা নিয়ে নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন।
স্বাস্থ্য খাতে তিনি নতুন স্থাপনা নির্মাণের পাশাপাশি বিদ্যমান হাসপাতালের জনবল, চিকিৎসা সরঞ্জাম ও সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন। সরকারি ও বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে সমমানের তদারকি নিশ্চিত করার আহ্বানও জানান।
শিক্ষা ও অর্থনীতি বিষয়ে বক্তব্যে তিনি কওমি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংসদের অধীনে বিশেষ কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দিয়ে তিনি বিদেশগামী শ্রমিকদের অতিরিক্ত ব্যয় ও অনিয়ম বন্ধের দাবি জানান।
বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্দিষ্ট সময় অন্তর অগ্রগতি মূল্যায়ন সংসদে উপস্থাপনেরও প্রস্তাব করেন বিরোধীদলীয় নেতা।






