রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

৩৮৪ কেন্দ্রে ৬৬ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা
রাজশাহী প্রতিনিধি: জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৮টায় নগর ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির সূচনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে সময়মতো ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। তিনি বলেন, শিশুর সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে এ কর্মসূচিতে সকলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরজুড়ে এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুসহ মোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মহানগরীর ৩০টি ওয়ার্ডে স্থাপিত ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে ওয়ার্ড কার্যালয়গুলোতে রাত ৮টা পর্যন্ত সেবা কার্যক্রম চালু থাকবে।
ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।







