জুবিনকে নিয়ে সিনেমা ‘লাভ ইউ জুবিন দা’

প্রয়াত সংগীত তারকাকে শ্রদ্ধা জানিয়ে নির্মাণ, মুখ্য ভূমিকায় ইকবাল রহিমি।
বিনোদন ডেস্ক | টুইট প্রতিবেদক
উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গকে নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাভ ইউ জুবিন দা’। প্রয়াত এই শিল্পীর সংগীতজীবন, সংগ্রাম এবং ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায়কে পর্দায় তুলে ধরতেই ছবিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচালনা করছেন শ্রী প্রীতম।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইকবাল রহিমি। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বর্ষা সেনগুপ্ত। নির্মাতাদের ভাষ্য, এটি কেবল একটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নয়; বরং জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ।
চলচ্চিত্রের কাহিনিতে উঠে আসবে এক তরুণ শিল্পীর স্বপ্নপূরণের পথচলা, কঠোর পরিশ্রম, সাফল্যের দোরগোড়ায় পৌঁছেও জীবনের অপ্রত্যাশিত সংকটের মুখোমুখি হওয়ার গল্প। ব্যক্তিগত সংগ্রাম ও সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তও এতে স্থান পেয়েছে।
ছবির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে জুবিন গর্গের দুটি অপ্রকাশিত গান, যা প্রথমবারের মতো এই চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশ করা হবে। বিষয়টি ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
পরিচালক শ্রী প্রীতম জানান, ২০১১ সাল থেকে সংগীত পরিচালক হিসেবে জুবিন গর্গের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই এই চলচ্চিত্র নির্মাণের ভাবনা আসে। প্রযোজক এমডি ফারুক উদ্দিনকে গল্প শোনানোর পর প্রকল্পটি চূড়ান্ত হয়। পরে জুবিন গর্গের স্ত্রী গরিমার অনুমতি নিয়ে নির্মাণকাজ শুরু করা হয়েছে। তাঁর ভাষায়, এটি প্রিয় শিল্পীর প্রতি আন্তরিক শ্রদ্ধার নিবেদন।
অভিনেতা ইকবাল রহিমি বলেন, জুবিন গর্গ কেবল একজন গায়ক নন, তিনি অসংখ্য মানুষের অনুপ্রেরণা। এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগকে তিনি নিজের অভিনয়জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন এবং চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন।
চলচ্চিত্রটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গীতাবলী রাজকুমারী, অভিজিৎ গুহ, পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদলৈ, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমিতা গুপ্ত।
প্রয়াত জুবিন গর্গের সংগীতঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি তাঁর সৃষ্টিশীল জীবনকে স্মরণীয় করে রাখার প্রয়াস হিসেবেই ‘লাভ ইউ জুবিন দা’-কে দেখছেন সংশ্লিষ্টরা।






