বান্দরবানে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগে কড়াকড়ি, পুলিশ সুপার: সুপারিশে চাকরি নয়

স্বচ্ছতা নিশ্চিতের বার্তা, দালাল ও প্রতারণা চক্র থেকে সতর্ক থাকার আহ্বান
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশে ক্যাডেট সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক রাখার ওপর গুরুত্বারোপ করে পুলিশ সুপার বলেছেন— কোনো ধরনের সুপারিশ বা অবৈধ প্রভাবের সুযোগ নেই।
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে বান্দরবান জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথম দিনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা এদিন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন।
নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে প্রার্থীদের ধারাবাহিকভাবে ১ হাজার ৬০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ ও উচ্চ লাফ পরীক্ষা নেওয়া হয়। শারীরিক সক্ষমতা ও নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণদের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয়।
কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি ও বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। তিনি প্রার্থী ও তাদের পরিবারের উদ্দেশে বলেন, চাকরি দেওয়ার নামে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করতে। নিয়োগের প্রতিটি ধাপ স্বচ্ছভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদেরও নির্দেশনা দেন তিনি।
দিনের কার্যক্রম শেষে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার বলেন, মেধা, যোগ্যতা ও নির্ধারিত পরীক্ষার ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হবে। তিনি আগামী ২৬ জুন সকাল ৮টায় পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানান।
এ সময় নিয়োগ কার্যক্রমে পুলিশ সদর দপ্তর, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্র বলছে, নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নমুক্ত রাখতে প্রতিটি ধাপে পর্যবেক্ষণ ও প্রশাসনিক তদারকি জোরদার করা হয়েছে।






