১ টাকার দুর্নীতির প্রমাণ দিন, সংসদ ছাড়ব: হাসনাত আব্দুল্লাহ

বাজেট আলোচনায় অভিযোগের জবাবে চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লাহর
টুইট ডেস্ক: জাতীয় সংসদে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, তার বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে তিনি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেট আলোচনার এক পর্যায়ে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। বক্তব্যে তিনি বলেন, তার রাজনৈতিক অবস্থান বা বক্তব্যের কারণে যেন নির্বাচনী এলাকার মানুষ উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত না হন।
পরবর্তীতে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বাজেট আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, উন্নয়ন বরাদ্দ কোনো ব্যক্তির জন্য নয়, বরং সংশ্লিষ্ট এলাকার জনগণের জন্য বরাদ্দ দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন অভিযোগ–পাল্টা অভিযোগের বিষয়েও ইঙ্গিত করেন তিনি।
এরপর সংসদের কার্যপ্রণালি বিধির ২৭৪ বিধি অনুসারে ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার সুযোগ নিয়ে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি কখনো নিজের জন্য বরাদ্দ চেয়েছেন এমন বক্তব্য দেননি; বরং তার বক্তব্য ছিল, কোনো রাজনৈতিক অবস্থানের কারণে যেন এলাকার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হন।
এ সময় তিনি সরকারের উদ্দেশে বলেন, রাষ্ট্রের তদন্ত ও গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে যাচাই করে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রমাণ উপস্থাপন করা হলে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত।
সংসদ অধিবেশনে দেওয়া এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।






