ডিভোর্স নয়, সম্পর্ক নিয়ে মুখ খুললেন তৃণা

গুঞ্জনের মধ্যেই স্পষ্ট বার্তা, এখনও বিবাহিত নীল-তৃণা
টুইট প্রতিবেদক: টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি তৃণা সাহা ও নীল ভট্টাচার্যকে ঘিরে কয়েক মাস ধরে বিচ্ছেদের জোর গুঞ্জন চলছিল। বিশেষ করে নীলের জন্মদিনে তৃণার অনুপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা না জানানো এবং রহস্যময় কিছু পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দেয়।
তবে সব আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তৃণা সাহা। তিনি জানিয়েছেন, তার এবং নীল ভট্টাচার্যের ডিভোর্স হয়নি; তারা এখনও আইনগতভাবে স্বামী-স্ত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃণা বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে চলমান নানা আলোচনা ও ট্রোলিংয়ে তিনি বিচলিত নন। বর্তমানে তার প্রধান মনোযোগ কাজ ও ক্যারিয়ারে। অভিনেত্রীর ভাষ্য, বিবাহিত হওয়া তার জীবনের একটি অংশ মাত্র, কিন্তু সেটিই তার পুরো পরিচয় নয়।
জুনের শুরুতে নীলের জন্মদিন উদযাপনে তৃণাকে দেখা না যাওয়ায় সম্পর্ক ভাঙনের গুঞ্জন আরও জোরালো হয়। এ বিষয়ে তৃণা জানান, তিনি প্রকাশ্যে না হলেও ব্যক্তিগতভাবে নীলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিন কীভাবে উদযাপন করবেন, সেটি নীলের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।
সম্পর্কের টানাপোড়েন নিয়ে সরাসরি কিছু না বললেও তৃণা জানান, তিনি কারও প্রতি ক্ষোভ বা প্রতিশোধের মানসিকতা পোষণ করেন না। কেউ তাকে কষ্ট দিলেও পাল্টা আঘাত করার পেছনে সময় ও শক্তি ব্যয় করতে চান না।
ফলে দীর্ঘদিনের জল্পনার মধ্যেও তৃণার এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে,দূরত্বের গুঞ্জন থাকলেও এখনও তাদের বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটেনি।






