মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে ভ্যাটের আওতায়

রাজস্ব বাড়াতে নতুন উৎস খুঁজছে সরকার
টুইট ডেস্ক: দেশে রাজস্ব আহরণ বাড়াতে মুদি দোকান, বিউটি পার্লার, জুতার দোকানসহ ১৬ ধরনের ব্যবসায়িক খাতকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, নতুন প্রতিষ্ঠান ও খাতকে ভ্যাটের আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।
সরকার যেসব খাতকে ভ্যাট কাঠামোর মধ্যে আনার কথা বিবেচনা করছে, তার মধ্যে রয়েছে— মুদি দোকান, বিউটি পার্লার, তৈরি পোশাক ও কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, প্রসাধনীর দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের ব্যবসা, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটর, মোবাইল ফোন ও ইলেকট্রনিকস পণ্যের দোকান, পেইন্ট ও স্যানিটারি পণ্য, টাইলস, ঢেউটিন, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্টুরেন্ট।
অর্থমন্ত্রী আরও জানান, ২০২৪–২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা।
প্রস্তাবিত অর্থবিলে খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের কাছ থেকে নির্দিষ্ট হারে ভ্যাট আদায়ের বিধান যুক্ত করা হয়েছে। তবে করের হার এখনো চূড়ান্ত হয়নি। পাশাপাশি খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ক্ষেত্রে প্রতি হাজার টাকায় দুই টাকা উৎসে কর কাটার প্রস্তাব রাখা হয়েছে।
সরকারের মতে, করভিত্তি সম্প্রসারণ ও রাজস্ব ব্যবস্থাকে আরও কার্যকর করতেই নতুন এসব খাতকে ভ্যাট কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।






