প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড পাওয়া আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

হৃদরোগে মৃত্যু, শোক জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে।
কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন, সংগ্রাম ও সম্ভাবনার নানা দিক তুলে ধরে পরিচিতি লাভ করেন। পরে প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন। পরবর্তীতে প্রশাসনিক যাচাইয়ে তাকে প্রান্তিক কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি বলেন, কবির হোসেন ছিলেন পরিশ্রমী ও আত্মমর্যাদাবোধসম্পন্ন একজন কৃষক। কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং কৃষকের বাস্তব জীবনচিত্র মানুষের কাছে পৌঁছে দিতে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয়দের মতে, কৃষকের পরিচয় ও কৃষির মর্যাদা নিয়ে আলোচনায় কবির হোসেন একটি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।






