বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বাড়ছে বন্যার শঙ্কা

উজানের ঢল ও ভারি বৃষ্টিতে উত্তরাঞ্চলে সতর্কতা, খোলা রাখা হয়েছে ব্যারাজের সব জলকপাট

টুইট ডেস্ক: ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে পানি অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন উত্তরাঞ্চলে ভারী বর্ষণ এবং উজানের পানির চাপ অব্যাহত থাকতে পারে। এতে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উজানে ভারতের গজলডোবা ব্যারাজের গেট খুলে দেওয়ার ফলে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে যায়, যা নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়িয়ে তোলে।

তিস্তা তীরবর্তী এলাকার বাসিন্দারা জানান, বিভিন্ন স্থানে রাস্তাঘাটে পানি উঠে চলাচল ব্যাহত হচ্ছে। পানি আরও বাড়লে বসতভিটা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, উজানের ঢলের কারণে মঙ্গলবার ভোর থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে নিম্নাঞ্চলের কিছু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, মঙ্গলবার বিকেল ৩টার পর নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। পরিস্থিতি মোকাবিলায় বাঁধ, সড়ক ও নদীতীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।