ক্ষমতায় গিয়ে বিএনপির অবস্থান বদলেছে: ডা. শফিকুর রহমান

গুম-খুনের বিচার, প্রশাসনে প্রভাব ও রাজনৈতিক আচরণ নিয়ে তীব্র সমালোচনা
টুইট ডেস্ক: ক্ষমতায় যাওয়ার পর বিএনপির রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধী অবস্থানে থাকাকালে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকারে যাওয়ার পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন ও নির্যাতনের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল— অতীতের গুম, খুন ও নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে। কিন্তু ক্ষমতায় আসার পর সে অবস্থানে পরিবর্তন এসেছে বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, গত কয়েক মাসে দেশে সহিংসতা ও হত্যার ঘটনা ঘটলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। একই সঙ্গে তিনি প্রশাসন, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বৃদ্ধির অভিযোগও তোলেন।
জামায়াত আমির আরও বলেন, যে রাজনৈতিক শক্তি দীর্ঘদিন নিজেদের নিপীড়িত হিসেবে তুলে ধরেছে, তাদের কাছ থেকে ভিন্ন ধরনের রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল জনগণ। কিন্তু বাস্তবতায় সে প্রত্যাশা পূরণ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিশোধ নয়— আইনের ভিত্তিতে জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই জনগণের প্রত্যাশা হওয়া উচিত।
সমাবেশে তিনি অতীতের রাজনৈতিক সহিংসতা, বিচার প্রক্রিয়া এবং রাষ্ট্র পরিচালনায় দলীয় প্রভাবের অভিযোগ তুলে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।






