আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

চোখের চিকিৎসা শুরু রাজধানীর হাসপাতালে

টুইট ডেস্ক: বগুড়ার বাঘোপাড়া এলাকায় ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সমন্বয়ে শনিবার (২০ জুন) রাজধানীর একটি হাসপাতালে নয়নের চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

বর্তমানে চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে তার চোখের চিকিৎসা চলছে।

চিকিৎসা কার্যক্রম শুরুর সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

মো. নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়া এলাকার বাসিন্দা এবং বিএনপির একজন কর্মী বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিবারের দাবি, আহত হওয়ার পর থেকে তিনি দীর্ঘ সময় চিকিৎসাজনিত ও আর্থিক সংকটের মধ্যে ছিলেন।

চিকিৎসা সহায়তার এই উদ্যোগের মাধ্যমে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।