শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

ভালোভাবে জীবন গড়তে হলে লেখাপড়ায় মনোযোগী হওয়ার তাগিদ, বরেন্দ্র কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

রাজশাহী প্রতিনিধি: শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (২০ জুন) রাজশাহীর ঐতিহ্যবাহী বরেন্দ্র কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভূমিমন্ত্রী বলেন, শিক্ষাজীবনকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, ভালোভাবে জীবন গড়তে গেলে লেখাপড়ায় ভালো হতে হবে। আর লেখাপড়ায় ভালো হলে যোগ্যতার যে কোনো সীমানা পাড়ি দেওয়া সম্ভব।

কলেজের অধ্যক্ষ রনজিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের সাবেক শিক্ষার্থী ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং কলেজ পরিচালনা কমিটির সভাপতি তৌফিকুর রহমান লাভলু।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করেন এবং সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।