বান্দরবান বিশ্ববিদ্যালয়ে আগমন ইইউ প্রতিনিধিদল

ইরাসমাস বৃত্তি, আন্তর্জাতিক বিনিময় ও উচ্চশিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বৈঠকে উচ্চশিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারত্ব, আঞ্চলিক সহযোগিতা এবং ইরাসমাস মুন্ডুস কর্মসূচির আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বৃত্তি ও বিনিময় সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দপ্তরের রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, মানবসম্পদ উন্নয়ন দলের প্রধান জুরাতে স্মালস্কিতে মেরভিল, কর্মসূচি ব্যবস্থাপক জুই চাকমা ও মেহের নিগার ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. মুহিবুল্লাহ সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, প্রক্টর হাসান মাহমুদ, ছাত্র উপদেষ্টা মুহাম্মদ ওয়াহিদুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী মো. তহীদুল ইসলাম মাছুম।
আলোচনায় শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বৈশ্বিক শিক্ষা নেটওয়ার্কের সঙ্গে আরও কার্যকর সংযুক্তির বিষয় গুরুত্ব পায়।
প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা ও অংশগ্রহণমূলক কর্মসূচি জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
তবে শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সফর ও আলোচনা দীর্ঘমেয়াদে কতটা ফলপ্রসূ হবে, তার প্রকৃত মূল্যায়ন হবে শিক্ষার্থী ও শিক্ষকদের বাস্তব অংশগ্রহণ, বৃত্তি প্রাপ্তি এবং আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের দৃশ্যমান সাফল্যের ভিত্তিতে। শুধু আলোচনা নয়, ইরাসমাসসহ আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণের বাস্তব সুযোগ তৈরি হওয়াই হবে সহযোগিতার প্রকৃত সাফল্যের মানদণ্ড।






