ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল পরিবারের ৪ সদস্যের

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে নেমে বিষাক্ত গ্যাসে মর্মান্তিক মৃত্যু
টুইট ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, একটি ছাগল গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে পরিবারের একজন সদস্য নিচে নামেন। তবে তিনি আর ওপরে উঠতে না পারলে তাকে উদ্ধারে একে একে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে গর্তের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনই প্রাণ হারান।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিক তথ্যে তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. ফজলুর হক বলেন, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন। মরদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিতসহ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা গর্তগুলো নিরাপত্তাহীন থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। সচেতনতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।






