মালয়েশিয়া–চীন সফরে প্রধানমন্ত্রী, রওনা রোববার

দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক, গুরুত্ব পাবে কূটনীতি ও অর্থনৈতিক সহযোগিতা

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় দিনের সরকারি সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন। আগামীকাল রোববার (২১ জুন) ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। পরে ২২ জুন মালয়েশিয়া সফর শেষ করে সরাসরি চীনে যাবেন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্রসচিব জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সহযোগিতা এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর ২২ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। চীন সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধি এবং কৌশলগত বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি বাংলাদেশ, মালয়েশিয়া ও চীনের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে ইতোমধ্যে গুরুত্বের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।