কোটি রুপির ফ্ল্যাট বিক্রি করে ভাড়া বাসায় প্রীতি জিনতা

সম্পত্তি পুনর্গঠনের পর নতুন ঠিকানায় বলিউড তারকা, মাসে গুনবেন ছয় লাখ রুপি।
টুইট প্রতিবেদক: বলিউড অভিনেত্রী আবারও আলোচনায় এসেছেন। তবে এবার নতুন কোনো সিনেমা নয়, বরং তার আবাসন পরিবর্তন নিয়ে শুরু হয়েছে আলোচনা। কোটি রুপির নিজস্ব ফ্ল্যাট বিক্রি করে মুম্বাইয়ের অভিজাত এলাকায় ভাড়া বাসায় উঠেছেন এই অভিনেত্রী।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রীতি জিনতা মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের ‘আর্ট ভেদা’ ভবনে প্রায় ১ হাজার ৫০০ বর্গফুটের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। দুই বছরের জন্য করা এই চুক্তি কার্যকর হয়েছে গত ২৭ মে থেকে। বাসাটির সঙ্গে রয়েছে গাড়ি রাখার সুবিধাও।
এই আবাসনের জন্য প্রতি মাসে তাকে প্রায় ছয় লাখ রুপি ভাড়া দিতে হবে। মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় অবস্থিত এই নতুন ঠিকানা নিয়ে ইতোমধ্যে বলিউড অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
এর আগে ২০২৩ সালে একই এলাকায় প্রায় ১৭ কোটি রুপির বেশি অর্থ ব্যয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন প্রীতি। তবে কয়েক মাস আগে পুনর্গঠন প্রকল্পের আওতায় পাওয়া সেই ফ্ল্যাটটি তিনি প্রায় ১৮ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেন।
সম্পত্তি কেনাবেচার এই পরিবর্তনকে অনেকেই প্রীতির আবাসন পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নিয়মিত যাতায়াত করা এই অভিনেত্রী বর্তমানে তার নতুন চলচ্চিত্র ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রস্তুতি নিয়েও ব্যস্ত রয়েছেন।
দীর্ঘ অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করা প্রীতি জিনতা ব্যক্তিজীবন ও পেশাগত কর্মকাণ্ড,দুই ক্ষেত্রেই এখনো দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছেন।






