আর্জেন্টিনা উন্মাদনায় পরীমণি

মেসির দলের তারকাদের ভঙ্গি অনুকরণ করে আলোচনায় চিত্রনায়িকা

বিশ্বকাপ ফুটবলের উত্তাপে যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। বরাবরের মতো এবারও আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন প্রকাশ করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবেই আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে ঘিরে নিজের আবেগ প্রকাশ করছেন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয় পাওয়ার পর ছেলে পুণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি প্রকাশ করেছিলেন পরীমণি। সেই পোস্ট ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

এরই ধারাবাহিকতায় শুক্রবার নিজের ফেসবুক পেজে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। ভিডিওতে তাকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে দেখা যায়। জার্সির সামনে ‘মেসি ১০’ এবং পেছনে ‘পোরি’ লেখা ছিল, যা ভক্তদের নজর কাড়ে।
ভিডিওটির বিশেষ আকর্ষণ ছিল আর্জেন্টিনার ফুটবলারদের সিগনেচার উদযাপন ভঙ্গির অনুকরণ।

পপটভূমিতে আর্জেন্টাইন খেলোয়াড়দের নামভিত্তিক একটি সংগীত বাজতে থাকে, আর সেই সঙ্গে পরীমণি একে একে বিভিন্ন ফুটবলারের পরিচিত ভঙ্গি ও উদযাপন তুলে ধরেন।

ভিডিওতে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিখ্যাত নৃত্যভঙ্গি, নাহুয়েল মোলিনার উদযাপন, ক্রিস্তিয়ান রোমেরো ও মারকোস সেনেসির পরিচিত অঙ্গভঙ্গির অনুকরণ করতে দেখা যায় তাকে। পাশাপাশি আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, এনসো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গনসালেসের ভঙ্গিও ফুটিয়ে তোলেন তিনি।
ভিডিওর শেষাংশে জার্সি গায়ে এবং শরীরে আর্জেন্টিনার রঙের সাজে গ্ল্যামারাস উপস্থিতিতে ধরা দেন পরীমণি। ফুটবল ও বিনোদনের এই মিশ্র উপস্থাপনা সামাজিক মাধ্যমে দ্রুতই আলোচনার জন্ম দেয়।

ভক্তদের অনেকেই মন্তব্যে পরীমণির সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেছেন। আর্জেন্টিনা সমর্থকেরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন, অন্যদিকে ব্রাজিল সমর্থকেরাও মজার ছলে নানা মন্তব্য করে আলোচনাকে আরও প্রাণবন্ত করে তুলেছেন।বিশ্বকাপের আবহে তারকাদের সমর্থন নতুন কিছু নয়। তবে ফুটবল তারকাদের উদযাপন ভঙ্গি অনুকরণ করে পরীমণির এই অভিনব উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিনোদন অঙ্গনের পর্যবেক্ষকরা।