বেতন দাবিতে মধ্যরাতে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, চার কিলোমিটার যানজটে ভোগান্তিতে যাত্রীরা

টুইট ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকদের মধ্যরাতের সড়ক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে সড়কের দুই পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং লিমিটেডের শ্রমিকরা মহাসড়কের দুই লেন দখল করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অভিযোগ, গত মে মাসের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। চলতি মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও একাধিকবার সময় পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ কারখানা ছুটির পর শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলনে নামেন।

একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান।

শ্রমিক সেলিনা আক্তার, সাহাজুল ইসলাম ও মালেক মিয়াসহ কয়েকজন বলেন, তারা নিয়মিত কাজ করলেও সময়মতো বেতন পাচ্ছেন না। বারবার আশ্বাস দেওয়া হলেও পাওনা পরিশোধ না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে অবস্থান নিয়েছেন।

মাওনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাত ১০টার পর থেকে শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ১২টা ২৭ মিনিটে শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিলেন।

আনোয়ার হোসেন