চানাচুর মার্কা বাজেট মন্তব্য আমির হামজার

বজেটে জনগণের কল্যাণ, কর্মসংস্থান ও শিক্ষায় জোর দেওয়ার আহ্বান
টুইট ডেস্ক: ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের সমালোচনা করে কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য আমির হামজা এটিকে ‘চানাচুর মার্কা বাজেট’ বলে মন্তব্য করেছেন। তার ভাষায়, বাজেটটি শুনতে আকর্ষণীয় হলেও বাস্তব প্রয়োগে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে না।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আলোচনায় আমির হামজা বলেন, জাতীয় বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। এজন্য কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি ও অর্থপাচার রোধে কার্যকর উদ্যোগ এবং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে নতুন রাজস্ব উৎস তৈরির প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, বেকারত্ব মোকাবিলায় শিল্পায়নকে অগ্রাধিকার দিতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ বাড়ানো জরুরি।
শিক্ষা খাতে বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলে সংসদ সদস্য বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা কার্যক্রম শক্তিশালী করতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং কিছু শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও জানান তিনি।
কৃষি খাতে কৃষকদের জন্য কম মূল্যে সার ও বীজ সরবরাহ এবং কৃষিযন্ত্রে শুল্ক ছাড় দেওয়ার আহ্বান জানান আমির হামজা।
যোগাযোগ খাত প্রসঙ্গে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় রেল সংযোগ বাস্তবায়নের দাবি তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে এ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন।
বাজেট নিয়ে সরকারের ইতিবাচক মূল্যায়নের সমালোচনা করে তিনি দাবি করেন, বাজেট ঘোষণার পর বিভিন্ন স্থানে জনগণের অসন্তোষও প্রকাশ পেয়েছে।






