রাবিতে হল সংসদের জিএসকে লাঞ্ছিতের অভিযোগ, অস্বীকার আম্মারের

ফেসবুক পোস্ট ঘিরে ক্যাম্পাসে আলোচনা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরুল ইসলাম শহিদকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে। তবে অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ।
বুধবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নুরুল ইসলাম শহিদ এ অভিযোগ উত্থাপন করেন।
পোস্টে তিনি দাবি করেন, আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ দেখতে তিনি ও তাঁর হলের কয়েকজন শিক্ষার্থী হবিবুর রহমান হল মাঠে যান। খেলা চলাকালে রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ ও সংশ্লিষ্ট হল সংসদের জিএসের আহ্বানে তিনি এলইডি স্ক্রিনসংলগ্ন নির্ধারিত স্থানে বসেন।
তার অভিযোগ অনুযায়ী, কিছু সময় পর রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার সেখানে এসে তাকে সরে যেতে বলেন। কারণ জানতে চাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে তার পোশাক ধরে টানাটানি করা হয় এবং তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে উপস্থিত এক কর্মকর্তা আবু সাঈদ নূন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন; তবে শব্দ ও পরিবেশের কারণে পুরো বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারেননি। পরে সামাজিক মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানতে পারেন।
অন্যদিকে অভিযোগ প্রত্যাখ্যান করে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, আয়োজনের শৃঙ্খলা বজায় রাখতেই দায়িত্ব পালন করা হচ্ছিল। তার দাবি, নির্ধারিত স্থানে অবস্থানের কারণে পেছনে বসা শিক্ষার্থীদের খেলা দেখতে অসুবিধা হচ্ছিল এবং সে কারণেই স্থান পরিবর্তনের অনুরোধ করা হয়।
তিনি আরও বলেন, কারও গায়ে হাত দেওয়া বা লাঞ্ছনার অভিযোগ সত্য নয়। পরিস্থিতি যাতে বড় আকার না নেয়, সে কারণে তিনি সংযত ছিলেন বলেও দাবি করেন।
এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা প্রশাসনিক পদক্ষেপের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।






