বিশ্বমানের হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের

স্বাস্থ্য, বাণিজ্য ও যোগাযোগে সহযোগিতা বাড়ানোর আলোচনা

টুইট ডেস্ক: বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য ইরানকে প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৭ জুন) সংসদ ভবনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, দুই দেশের সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি বিমান চলাচল এবং চিকিৎসাভিত্তিক ভ্রমণ খাত নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় সাম্প্রতিক সংঘাতে নিহত ইরানের নাগরিকদের প্রতি শোক প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠা ও আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগে ইরানের ভূমিকার প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট চুক্তির কার্যকারিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর আগ্রহের কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছা পুনর্ব্যক্ত করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, সদস্য আলী আহমাদ মাবরুর, ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি এবং কালচারাল কাউন্সেলর মাহদি মোলারসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।