প্রধানমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করলেন এক বৃদ্ধা

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত; নারী ও কৃষি সহায়তা কর্মসূচির ঘোষণা

টুইট ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তের জন্ম দেন স্থানীয় এক বৃদ্ধা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথায় হাত রেখে দোয়া করেন।

বুধবার (১৭ জুন) ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ দৃশ্য উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারী ও পুরুষের যৌথ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, মানুষের জীবনমানের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে শ্রীমঙ্গলে ১৫০ জন চা শ্রমিকের সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, আগামী এক বছরে ৪০ লাখ কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।