রাসিক আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য ও উন্নয়ন সম্ভাবনার প্রশংসা; সহযোগিতা আরও জোরদারের আশাবাদ।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন সম্ভাবনা এবং আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ( Brent T. Christensen)।

মঙ্গলবার (১৬ জুন) নগর ভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও রাজশাহী সফর শেষে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বার্তায় রাষ্ট্রদূত বলেন, “পদ্মা থেকে পাহাড়পুর—রাজশাহীর ইতিহাস ও প্রাণশক্তি সত্যিই অসাধারণ।

উষ্ণ অভ্যর্থনার জন্য প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমাদের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা করছি।”

রাষ্ট্রদূতের এ মন্তব্যকে রাজশাহীর ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ ও স্বীকৃতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি রাজশাহী সিটি কর্পোরেশনের নেতৃত্বে নগর উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ এবং উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক বার্তা বহন করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ রাজশাহী ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি শিক্ষা, পরিবেশ, নগর ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী মহানগরীকে একটি সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কার্যকর সহযোগিতা আরও সম্প্রসারণে কাজ করা হবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের রাজশাহীতে আগমন এবং তাঁর ইতিবাচক মনোভাব আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”

তিনি আরও বলেন, এই সফর ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং নগর উন্নয়নের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।