মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত ও সাংবাদিকের পাশে দলীয় প্রতিনিধি, চিকিৎসকদের সঙ্গে করলেন আলোচনা

টুইট ডেস্ক: রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে সিএমএইচে গিয়ে তিনি মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে তথ্য নেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন।

পরে ডা. রফিকুল ইসলাম চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা কার্যক্রম নিয়েও আলোচনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মুশফিকুল ফজল আনসারী বর্তমানে সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ১৫ জুন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার হৃদরোগ শনাক্ত করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

মুশফিকুল ফজল আনসারীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।