লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ; আটক ৩

বিক্ষোভ ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে পুলিশি হস্তক্ষেপ, আটক আওয়ামী লীগ নেতা
টুইট ডেস্ক: লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অংশগ্রহণে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পৃথক দুটি স্থানে ডিম নিক্ষেপ ও সংঘর্ষসদৃশ পরিস্থিতির ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ও এলেম পার্ক এলাকায় ঘটনাগুলো ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
হোয়াইটচ্যাপেলের একটি অনুষ্ঠানস্থলের বাইরে দুই পক্ষের সমর্থকদের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে। পরে ডিম নিক্ষেপ ও হট্টগোলের ঘটনা ঘটে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়।
এদিকে এলেম পার্ক এলাকায়ও হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের ঘিরে উত্তেজনা তৈরি হয়। সেখানে বাক্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।






