রিকশায় চড়ে আরডিএতে: চেয়ারম্যানের দায়িত্ব নিলেন সুইট

দায়িত্ব গ্রহণ করেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রিকশাযোগে আরডিএ কার্যালয়ে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
রাজশাহীর উন্নয়নে নতুন অধ্যায়, আরডিএর চেয়ারম্যান সুইট। ‘অনিয়ম সহ্য হবে না’, দায়িত্ব নিয়েই কঠোর বার্তা।
দায়িত্ব গ্রহণের আগে আরডিএর কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বিগত ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করেন। একই সঙ্গে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে রাজশাহী মহানগরীর উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবুল কালাম আজাদ সুইট বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে একটি মাস্টার প্ল্যান গ্রহণ করেছিল। আগামী দিনে সেই পরিকল্পনার বাস্তবায়ন এগিয়ে নেওয়ার পাশাপাশি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে একটি অরাজনৈতিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
তিনি আরও বলেন, আরডিএতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








