রাজশাহী-চিলাহাটি রুটের ট্রেনে নেই এসি ও কেবিন বগি: ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

রাজশাহী-চিলাহাটি রুটে যাত্রীদের ক্ষোভ, সেবার মানোন্নয়নের দাবি।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী থেকে চিলাহাটি পর্যন্ত চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস (৭৩৩) ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ও কেবিন বগি না থাকায় যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। একই সঙ্গে ট্রেনের সাধারণ বগিগুলোর জরাজীর্ণ অবস্থা, বিকল পাখা এবং অস্বস্তিকর পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিয়মিত যাত্রীরা।
রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী ট্রেনে অনলাইনে এসি ও ক্যাবিন শ্রেণির তথ্য প্রদর্শিত হলেও বাস্তবে এসব বগি না থাকায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
যাত্রীদের অভিযোগ, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রেলপথে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও আধুনিক যাত্রীসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিশেষ করে দীর্ঘ পথের যাত্রী, অসুস্থ ব্যক্তি, প্রবীণ নাগরিক ও নারীদের জন্য এসি ও কেবিন সুবিধা অত্যন্ত প্রয়োজনীয় হলেও তিতুমীর এক্সপ্রেসে সেই সুযোগ নেই।
৭ ঘণ্টার যাত্রা, নেই এসি-কেবিন—রাজশাহী-চিলাহাটি রুটে ‘অমানবিক’ ভোগান্তি
তিতুমীর এক্সপ্রেসের যাত্রী ও পেশায় ব্যাংকার বদিউল আলম লিংকন বলেন, “উত্তরবঙ্গের মানুষ বরাবরই নানা ক্ষেত্রে অবহেলার শিকার। ছাত্রজীবনে অনেক সুন্দর এসি বগিতে ভ্রমণ করেছি। কিন্তু আজ টিকিট কাটতে গিয়ে হতাশ হয়েছি। এই ট্রেনে কোনো এসি বগি নেই, কেবিনও নেই। বিভাগীয় শহর রাজশাহী থেকে চিকিৎসা শেষে অনেক রোগী বাড়ি ফেরেন, তাদের মধ্যে অনেকের কেবিন বা এসি সুবিধার প্রয়োজন হতে পারে। কিন্তু তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।”
তিনি আরও বলেন, “নন-এসি বগিগুলোর অবস্থাও সন্তোষজনক নয়। অনেক পাখা চলে না, আবার যেগুলো চলে সেগুলো থেকেও পর্যাপ্ত বাতাস পাওয়া যায় না। গরমের সময় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।”
সাত ঘণ্টার ট্রেনভ্রমণে গরমে হাঁসফাঁস, ক্ষুব্ধ উত্তরবঙ্গের যাত্রীরা
রাজশাহী রেলস্টেশনে কথা হয় কয়েকজন যাত্রীর সঙ্গে। তারা জানান, দেশের বিভিন্ন আন্তঃনগর ট্রেনে এসি চেয়ার, এসি কেবিন ও উন্নতমানের বগি থাকলেও রাজশাহী-চিলাহাটি রুটে এখনো সেই সুবিধা যুক্ত হয়নি। ফলে দীর্ঘ পথের যাত্রা অনেকের জন্য কষ্টকর হয়ে উঠছে।
যাত্রীদের মতে, রাজশাহী বিভাগীয় শহর হওয়ায় প্রতিদিন চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও চাকরিসহ বিভিন্ন প্রয়োজনে বিপুলসংখ্যক মানুষ এই রুটে যাতায়াত করেন। তাই দ্রুত এসি চেয়ার, এসি কেবিন ও আধুনিক বগি সংযোজনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এদিকে যাত্রীরা রাজশাহীর সিটি প্রশাসক ও সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিতুমীর এক্সপ্রেসে এসি ও কেবিন বগি সংযোজন এবং বিদ্যমান বগিগুলোর সংস্কারের ব্যবস্থা করা হোক।
এতে গরম ও অস্বস্তিকর পরিবেশে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এ ধরনের তথ্য বিভ্রাট ও সেবার অসঙ্গতি দূর করে দ্রুত এসি ও উন্নতমানের বগি সংযোজনের দাবি জানিয়েছেন তারা।
তাদের দাবি, উত্তরাঞ্চলের যাত্রীদের ন্যায্য সেবা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে যাত্রীরা নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত রেলসেবা পেতে পারেন।







