দৌড়ের বাইরে নিজের জগৎ চান ভাবনা

নতুন চলচ্চিত্রে ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে আত্মঅন্বেষণের অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী।

টুইট প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা জানিয়েছেন, তিনি কোনো প্রতিযোগিতামূলক দৌড়ে থাকতে চান না; বরং চরিত্রনির্ভর অভিনয়ের মধ্যেই নিজের অবস্থান গড়ে তুলতে চান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই মন্তব্য করেন।

নির্মাতা আসিফ ইসলামের নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এ মূল চরিত্র ‘প্রিন্সেস রোজী’ রূপে দেখা যাবে ভাবনাকে। সিনেমাটির অফিসিয়াল ট্রেলার প্রকাশের পর থেকেই চরিত্রটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভাবনা জানান, চরিত্রটির প্রস্তাব পাওয়ার পর প্রথমেই তাঁর মনে প্রশ্ন জেগেছিল, তিনি এটি করতে পারবেন কি না। শাস্ত্রীয় নৃত্যের পটভূমি থাকার কারণে এই চরিত্রের অঙ্গভঙ্গি ও নৃত্যভাষা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ ছিল। পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও তিনি দ্বিধায় ছিলেন।

তিনি লেখেন, শৈশব থেকে তৈরি হওয়া শাস্ত্রীয় নৃত্যের শৃঙ্খলার সঙ্গে এই চরিত্রের নৃত্যভঙ্গি মানিয়ে নেওয়া সহজ ছিল না। এরপরও তিনি সিদ্ধান্ত নেন চরিত্রটি করবেন এবং নির্মাতার সঙ্গে মিলেই চরিত্রের গভীরে যাওয়ার চেষ্টা শুরু করেন।

মস্কোতে বড় পর্দায় নিজের কাজ দেখে নিজেরই অচেনা লাগার অনুভূতির কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, কখনও কখনও নিজেকে লজ্জিত মনে হলেও শেষ পর্যন্ত তিনি অভিনয়কেই জীবনের প্রধান পথ হিসেবে গ্রহণ করেছেন।

ভাবনা আরও লেখেন, তিনি প্রতিযোগিতার ভেতরে থাকতে চান না; বরং একা থেকে নিজের চরিত্রগুলোর সঙ্গে গভীরভাবে যুক্ত থাকতে চান।

নতুন এই সিনেমা ছাড়াও তিনি ‘এক্সকিউজ মি’ এবং ‘যাপিত জীবন’ নামে আরও দুটি চলচ্চিত্রে কাজ শেষ করেছেন, যেখানে তাঁকে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।